হোমনায় ট্রিপল মার্ডারের খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন- বিক্ষোভ
হোমনায় ট্রিপল মার্ডারের খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিহতের স্বজনরা এবং এলাকাবাসী। আজ বুধবার উপজেলার মণিপুর বাজারে তারা এক কর্মসূচি পালন করেন।
এতে বক্তব্য রাখেন, চট্টগ্রামের জব্বারেরর বলী খেলার চ্যাম্পিয়ন মণিপুর গ্রামের বাসিন্দা বাঘা শরীফ বলী। নিহত শিশু মোহাম্মদ হোসাইন এর বাবা এবং নিহত গৃহবধূ পাপী আক্তার সুখীর স্বামী সৌদি প্রবাসী জহিরুল ইসলাম, নিহত শিশু জুবাইদের মা লিপি আক্তার প্রমুখ। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রকাশ, গত ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের নিজের দালান ঘরে স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), শিশু
সন্তান মোহাম্মদ হোসাইন (৪) এবং ভাতিজা জুবাইদকে (৫) নৃশংসভাবে গলা কেটে তিন জনকে তিন রুমে ফেলে যায় দুর্বৃত্তরা। স্ত্রী সন্তান ভাতিজা খুনের কথা শুনে তাৎক্ষণিক পরদিন সৌদি আরব থেকে দেশে চলে আসেন জহিরুল ইসলাম। পরে তিনি হোমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর এ ঘটনার ১৬ দিন পর হয়ে গেলেও এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় এবং খুনের কোনো রহস্য উদঘাটন না হওয়ায় আজ এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
হোমনা থানার ইন্সপেক্টর তদন্ত দীনেশ দাশগুপ্ত বলেন, গ্রেপ্তার ও খুনের রহস্য উদঘাটনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও
কাজ করছে।


















