জহুর চান বিবি মহিলা কলেজের ছাত্রী জেমি পেলো আন্তর্জাতিক বৃত্তি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি অর্জন করেছে এক অসাধারণ সাফল্য। সে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অধ্যয়নের জন্য প্রায় ৭৫ লক্ষ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) মর্যাদাপূর্ণ বৃত্তি পেয়েছে। ইউনিভার্সিটির ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান গত ১৮ আগস্ট জেমিকে চিঠি দিয়ে বৃত্তি প্রাপ্তির কথা নিশ্চিত করেন।
চার বছর মেয়াদি এই বৃত্তির আওতায় সে প্রতি বছর পাবে ১৫ হাজার মার্কিন ডলার, যা তার উচ্চশিক্ষার সম্পূর্ণ ব্যয় বহনে সহায়তা করবে।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত ২০ জুলাই থেকে সে শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেয়। সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করার পরই তার সামনে উন্মুক্ত হয় আন্তর্জাতিক উচ্চশিক্ষার এই বড় সুযোগ। শতাধিক শিক্ষার্থীর মাঝে ৭ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তি লাভ করেছে। এদের মাঝে ২ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সম্পূর্ণ ফ্রি ভর্তির সুযোগ পাবে, দুইজনের একজন হচ্ছে জেমি।
জেমির বাবা আফজল আলী শায়েস্তাগঞ্জ পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নানা প্রতিকূলতার মধ্যেও কলেজ কর্তৃপক্ষের সহায়তায় জেমি জহুর চান বিবি মহিলা কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি সম্পন্ন করে।
বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের সামার স্কুলে অংশ নেওয়া তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জ জয় করেই তিনি প্রমাণ করেছে, সুযোগ ও পরিশ্রম থাকলে সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে যাওয়া সম্ভব।
প্রায় ৭৫ লাখ টাকার এই বৃত্তি শুধু জেমির ব্যক্তিগত অর্জন নয়, এটি তার পরিবারের দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি এবং দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। বাবা, মা ও শিক্ষকদের নিরন্তর সমর্থন, উৎসাহ এবং নিজের অদম্য প্রচেষ্টার মাধ্যমে সে পৌঁছে গেছে এই গৌরবময় সাফল্যের শিখরে।

















