জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষ্যে হবিগঞ্জ জেলার চারটি আসনে বিজিবি মোতায়েন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) হতে বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার নয়টি উপজেলায় ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা এবং নির্বাচনকালীন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির ১৭ প্লাটুন সদস্য একযোগে মাঠে দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও ভোট কেন্দ্রসংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে একাধিক অস্থায়ী চেকপোস্ট, যেখানে চলছে নিয়মিত তল্লাশি কার্যক্রম। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত বা অবৈধ কার্যক্রম আসন্ন নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করতে না পারে।
বিজিবি সূত্র জানায়, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা। ইতিমধ্যে বিজিবি প্লাটুন সমূহ প্রতিটি উপজেলায় পৃথক পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করে অবস্থান গ্রহন করেছে। মোতায়েতকৃত বিজিবি জেলা/উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একযোগে সমন্বয় করে কাজ করছে, যাতে নির্বাচনী এলাকাগুলোতে শান্তি শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় মোতায়েনকৃত বিজিবির দৃশ্যমান কার্যক্রম ও উপস্থিতি দেখে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। তারা জানিয়েছেন, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার ফলে ভীতিহীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার আস্থা ফিরে পেয়েছেন । সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবি পুরোপুরি প্রস্তুত রয়েছে।










