চুনারুঘাটের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জের চুনারুঘাটে আমতলী বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুল হক (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুল হক হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ী চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামে।
ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় অপর একটি মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের কর্মস্থল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। চুনারুঘাট থানার ওসি (তদন্ত)মীর আলামীম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুল হকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




















