হবিগঞ্জের লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।
হবিগঞ্জের লাখাইৃ উপজেলার করাব ইউনিয়নের মুড়িয়াউক গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত বাচ্চু মিয়া (৬৮)ঘটনার ১৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১৯ জুন২৬)ইং সন্ধ্যায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত বাচ্চু মিয়া লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের মৃত কাছন আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুড়িয়াউক গ্রামের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে বাচ্চু মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে পুনরায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ জানান, বাচ্চু মিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর এলাকায় যাতে নতুন করে কোনো ধরনের সহিংসতা বা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।











